হরিরামপুরে মাদকের বিরুদ্ধে চেয়ারম্যানের আহ্বান, যুবসমাজ রক্ষায় সামাজিক প্রতিরোধের ডাক
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নে মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ।
মাদক,একটি ভয়াবহ রোগে পরিণত হয়েছে যা, সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি উল্লেখ করে তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেছেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে এলাকায় মাদক কেনাবেচা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের সংকট তৈরি করে। এর কারণে যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন সামাজিক অপরাধও বাড়ছে। মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব।
তিনি আরও বলেন, এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর ভূমিকার পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, আলেম-ওলামা, ইমাম, সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে চেয়ারম্যান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবন নষ্ট করে না, এটি পুরো পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি পরিবারভিত্তিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ আরও জোরদার করা প্রয়োজন। তারা মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ।















