১৬ নং ধামঘর ইউনিয়নে নতুন চমক: চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন প্রবাসী ব্যবসায়ী শরীফ সরকার
আসন্ন ১৬ নং ধামঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়া প্রবাসী, কুয়ালালামপুর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শরীফ সরকার।
তিনি ধামঘর ইউনিয়নের ভুবনঘর গ্রামের কৃতী সন্তান হিসেবে এলাকায় সুপরিচিত।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শরীফ সরকারের প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন প্রবাসে থাকলেও তিনি এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।
রাজনৈতিক সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির কঠিন সময়ে শরীফ সরকার বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর কারণে তিনি স্থানীয়ভাবে বিএনপির একজন ত্যাগী কর্মী হিসেবে পরিচিত। এছাড়া তিনি বর্তমান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর আস্থাভাজন হিসেবেও পরিচিত।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে শরীফ সরকার বলেন, “আমি একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও উন্নয়নমুখী ধামঘর ইউনিয়ন গড়ে তুলতে চাই। তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয়মুক্ত একটি আদর্শ ইউনিয়ন প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। আমি তরুণদের ওপর বিশ্বাস করি এবং তাদের অংশগ্রহণের মাধ্যমেই ধামঘরের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
তিনি আরও বলেন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করবেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি প্রবাসীদের অভিজ্ঞতা ও বিনিয়োগকে কাজে লাগিয়ে ধামঘরকে একটি মডেল ইউনিয়নে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে শরীফ সরকারের প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, তার প্রার্থিতা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে।










