মনোহরদীতে কোচেরচর নবজাগরণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত
নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামে সামাজিক সংগঠন ‘কোচেরচর নবজাগরণ সংঘ’-এর উদ্যোগে একটি মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ র্যালিতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিটি গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্লোগান প্রদর্শন করা হয়।
সংঘের সভাপতি বদরুল আলম রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সরকারের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
র্যালি শেষে উপস্থিত অতিথিরা মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।










