ফুড ফর দ্য হাঙ্গরির উদ্যোগে ইস্ট ধামরাইয়ে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক দূষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফুড ফর দ্য হাঙ্গরি (এফএইচ)-এর উদ্যোগে ইস্ট ধামরাই সিআরসি, কুল্লা ইউনিয়নে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “প্লাস্টিক দূষণ মোকাবেলা” প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের সূচনায় একটি র্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষার বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এবং “সবাই মিলে গড়বো দেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ”—এসব স্লোগানে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুড ফর দ্য হাঙ্গরি (এফএইচ) ইস্ট ধামরাই সিআরসির ডিএফ ঝরনা সরকার। তিনি বলেন, পরিবেশ দূষণের প্রভাব দিন দিন বাড়ছে এবং এর অন্যতম কারণ প্লাস্টিক বর্জ্যের অনিয়ন্ত্রিত ব্যবহার। একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হলে সবাইকে সচেতন হয়ে পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুল্লা ইউনিয়নের ওয়ার্ড মহিলা মেম্বার মরিয়ম বেগম ও রোজিনা খানম। তারা পরিবেশ রক্ষায় সামাজিক উদ্যোগ এবং নারীদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রায় ২২৫ জন সাধারণ জনগণের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, বরং প্রতিটি নাগরিকের। প্লাস্টিকের ব্যবহার কমানো, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানের শেষে পরিবেশ সংরক্ষণে সকলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।












