ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর আইচা ইউনিয়নে তিন দিনব্যাপী হাতে-কলমে ভার্মিকম্পোস্ট প্রদর্শনী কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
আভাস দুর্বার প্রজেক্টের উদ্যোগে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর আইচা ইউনিয়নে ১৭, ১৮ ও ১৯ মে ২০২৬ ইং তিন দিনব্যাপী হাতে-কলমে ভার্মিকম্পোস্ট প্রদর্শনী কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে স্থানীয় প্রদর্শনী কৃষক, যুব ও দুর্বার কন্যারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন চর আইচা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ লোকমান হোসেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হক এবং আভাস দুর্বার প্রজেক্টের ম্যানেজার মোঃ রাবিউল আমিন। সমগ্র প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন আভাস দুর্বার প্রজেক্টের YEE Officer জামাল উদ্দিন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ভার্মিকম্পোস্টের গুরুত্ব, জৈব সার উৎপাদনের উপকারিতা, কেঁচো নির্বাচন, ভার্মি বেড তৈরি, কাঁচামাল প্রস্তুতকরণ, কেঁচো ব্যবস্থাপনা, আর্দ্রতা নিয়ন্ত্রণ, সার সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা হাতে-কলমে ভার্মিকম্পোস্ট তৈরির প্রতিটি ধাপ বাস্তবে অনুশীলনের সুযোগ পান।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকরা বলেন, “ভার্মিকম্পোস্ট উৎপাদন বিষয়ে এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করেছি। জৈব সার ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন এবং মাটির উর্বরতা বৃদ্ধি করা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণের জন্য আমরা আভাস দুর্বার প্রজেক্টকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হক বলেন, কৃষিতে জৈব সার ব্যবহারের প্রসার ঘটাতে হলে কৃষকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভার্মিকম্পোস্ট উৎপাদন কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি চর্চা নিশ্চিত করবে। তিনি এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য আভাস দুর্বার প্রজেক্টকে ধন্যবাদ জানান।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ লোকমান হোসেনও কৃষকদের নিয়মিত ভার্মিকম্পোস্ট উৎপাদন ও ব্যবহারের আহ্বান জানান এবং মাঠ পর্যায়ে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন।










