দৃষ্টিনন্দন সখিপুর গড়তে তালতলা চত্বরের পাঁচ সড়কে বৃক্ষরোপণের দাবি।
পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও নান্দনিক সখিপুর গড়ে তুলতে তালতলা চত্বর থেকে বের হওয়া পাঁচটি প্রধান সড়কের দুই পাশে পরিকল্পিত বৃক্ষরোপণের দাবি উঠেছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, সঠিক পরিকল্পনা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে এসব সড়ককে সবুজ ও দৃষ্টিনন্দন করাই হতে পারে আধুনিক সখিপুর নির্মাণের অন্যতম উদ্যোগ।
প্রস্তাবনায় বলা হয়েছে, সখিপুর তালতলা চত্বরে মিলিত হওয়া পাঁচটি জনবহুল সড়কে বিভিন্ন প্রজাতির সৌন্দর্যবর্ধক, ফলদ ও পরিবেশবান্ধব গাছ লাগানো হলে এলাকার সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের মতে, জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজকর্মী এবং দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সবুজ সখিপুর গড়ে তোলা সম্ভব।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী—
ঢাকা রোড (গ্রামীণ ব্যাংক পর্যন্ত)
রাজকড়ই, বোতল ব্রাশ, পিঙ্ক ট্রাম্পেট, আম ও নিম গাছ রোপণের প্রস্তাব করা হয়েছে।
উপজেলা রোড (ধুমখালী ব্রিজ পর্যন্ত)
কৃষ্ণচূড়া, থাইল্যান্ড শাওয়ার, সিঙ্গাপুরি চেরি, জামরুল ও নিম গাছ লাগানোর কথা বলা হয়েছে।
কচুয়া রোড (সখিপুর সরকারি কলেজ পর্যন্ত)
কদম, জারুল, রেড ম্যাপল, পেয়ারা ও নিম গাছ রোপণের সুপারিশ করা হয়েছে।
উত্তরা রোড (সখিপুর আবাসিক মহিলা কলেজ পর্যন্ত)
বকুল, বিলেতি ঝাউ, ইয়েলো বেলস, তেঁতুল ও নিম গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
শাহ কামাল রোড (মাজারপাড়া পর্যন্ত)
পলাশ, ছাতিম, জাকারান্ডা, কাঁঠাল ও নিম গাছ রোপণের প্রস্তাব করা হয়েছে।
সচেতন নাগরিকরা মনে করেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের নিয়মিত পরিচর্যা, সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এতে সখিপুরের প্রধান সড়কগুলো একসময় সবুজ ছায়াঘেরা সৌন্দর্যের প্রতীক হয়ে উঠবে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা গেলে সখিপুরের পরিবেশ, সৌন্দর্য ও বাসযোগ্যতা আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ নগর-পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।












