বিদেশি ও জাতীয় দলের তারকাদের চমক: শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনাতুন্দী একাদশ
মাগুরার শ্রীপুর উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি’র উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । জমজমাট এই ফাইনাল ম্যাচে দ্বারিয়াপুর ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সোনাতুন্দী ফুটবল একাদশ ।শ্রীপুরের স্থানীয় মাঠে অনুষ্ঠিত এই খেলায় ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। টুর্নামেন্টের মূল আকর্ষণ ছিল মাঠ মাতানো বিদেশি ফুটবলার এবং বাংলাদেশের জাতীয় দলের তারকা খেলোয়াড়দের নান্দনিক ও নৈপুণ্যপূর্ণ ফুটবল প্রদর্শনী । ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত উভয় দলই আক্রমণ-প্রতিআক্রমণে খেলা জমিয়ে তোলে। তবে শেষ পর্যন্ত সোনাতুন্দী ফুটবল একাদশ ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে [১]। বিজয়ী দলের তারকা খেলোয়াড় এনামুল হক দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন ।খেলা শেষে তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতির সভাপতি মিয়া আলী আকবরের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন খুলনা মহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি কাজী হাফিজুর রহমান, মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ আলমগীর হোসেন এবং আমিনুর রহমান খান পিকুল ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিল্পপতি সাহিদুল ইসলাম, শিল্পপতি শামসুজ্জামান শিমুল, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিপুল কুমার সাহা, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের প্রশিক্ষণ কর্মকর্তা হারুণ অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।আলোচনা সভায় অতিথিবৃন্দ গ্রামীণ জনপদে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের প্রসারে এই ধরণের ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতার নিয়মিত আয়োজনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।








