ইতালিতে পারিবারিক কলহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন: ভিডিও কলে দেখালেন মরদেহ
ছবি- সংগৃহীত
ইতালিতে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার এক নৃশংস ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ (Lecce) শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত বড় ভাই হুমায়ুন ফকির তার ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন বলে জানা গেছে।
নিহত নয়ন ফকির ও অভিযুক্ত হুমায়ুন ফকির মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘাতক হুমায়ুন ফকির দীর্ঘ ১২ বছর ধরে ইতালিতে বসবাস করছেন। তিনি প্রথমে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমান। পরবর্তীতে ২০২৩ সালে তার সহযোগিতায় ছোট ভাই নয়ন ফকিরকেও ইতালিতে নিয়ে যান।
হুমায়ুন ফকির দুটি বিয়ে করেছেন। বৃহস্পতিবার তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা ছিল। ছোট ভাই নয়ন ফকির এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং প্রথম স্ত্রীকে তালাক দিতে নিষেধ করেন। এই পারিবারিক বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে হুমায়ুন তার ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন, যাতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত বড় ভাই ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের ছোট ভাইয়ের রক্তাক্ত মরদেহ দেখান। ভিডিও কলেই তিনি নিজের হাতে ভাইকে খুনের কথা স্বীকার করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু জানান, “পারিবারিক দ্বন্দ্বে ইতালিতে এক ভাই অন্য ভাইকে খুন করার বিষয়টি আমরা শুনেছি। স্থানীয়ভাবে বিষয়টি আমাদের অবগত করা হয়েছে। যেহেতু ঘটনাটি দেশের বাইরে, তাই আইনগত প্রক্রিয়া আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সম্পন্ন হবে।”
নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন শোকসন্তপ্ত পরিবার।










