সুনামগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ সড়কের পাশে শাহ মটরস শোরুম সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, সংবাদ পাওয়ার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সেলিম আহমেদ জানান, মৃত ব্যক্তি দীর্ঘ প্রায় দুই বছর ধরে এলাকায় ঘোরাফেরা করতেন এবং জেলা পরিষদের যাত্রী ছাউনিতে রাত যাপন করতেন। কিছুদিন অনুপস্থিত থাকার পর গত সপ্তাহে তাকে পুনরায় এলাকায় দেখা যায়। বৃহস্পতিবার সকালে তিনি শাহ মটরস শোরুমের সামনে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পরে বিষয়টি পুলিশকে জানান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সকলের সহযোগিতা কামনা করেছে।








