শিক্ষক-অভিভাবক সমন্বয়েই গড়ে উঠবে শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যৎ
শিক্ষার্থীদের সঠিক পথে গড়ে তুলতে শুধু শিক্ষকদের উপর দায় চাপিয়ে দিলে চলবে না, অভিভাবকদেরও সমানভাবে সচেতন হতে হবে—এমনটাই মত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে কিংবা স্কুলের নামে অন্য কোথাও সময় কাটাচ্ছে কি না—এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সাঁতার, চিত্রাঙ্কন, আবৃত্তি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করার উপর জোর দেওয়া হয়। এতে তাদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত হবে বলে মনে করেন বক্তারা।
সভায় আরও বলা হয়, বিদ্যালয় চলাকালে কোনো শিক্ষক যদি শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতে বাধ্য করেন বা প্রাইভেট না পড়লে নম্বরে বৈষম্য করেন, তবে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি নিশ্চিত না হলে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আশপাশে মাদকসেবন বা মাদক ব্যবসার তথ্য প্রশাসনকে জানাতে হবে। এতে করে শিক্ষার্থীরা মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে এবং একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
মঙ্গলবার (৩০ মার্চ) পাংশা পৌর এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত অভিভাবক সমাবেশে এসব বিষয় উঠে আসে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।










