বালিয়াকান্দিতে পিঁয়াজের দাম কমেছে, মন প্রতি সর্বোচ্চ ৮০০ টাকা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পিঁয়াজ বাজারে গত কয়েক দিনে দাম কমতে শুরু করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বালিয়াকান্দি বাজারে প্রতি মন পিঁয়াজ বিক্রি হয়েছে সর্বনিম্ন ৬০০ থেকে সর্বোচ্চ ৮০০ টাকায়।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, চলতি মৌসুমে সার, কীটনাশক ও অন্যান্য উৎপাদন খরচ অনেক বেড়েছে। কিন্তু বাজারে বর্তমানে পিঁয়াজের দাম কম হওয়ায় তারা সেই খরচও তুলতে পারছেন না। ফলে অনেক চাষি আর্থিক চাপে পড়েছেন।
কৃষক মোঃ শফিক শেখ বলেন, “সার ও কীটনাশকের দাম না কমলে অন্তত পিঁয়াজের দাম বাড়ানো প্রয়োজন। ন্যায্য দাম না পেলে চাষ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে।”
জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউনিয়নে পিঁয়াজের ব্যাপক চাষ হয়েছে। তবে এখনও পুরো মৌসুম শুরু হয়নি। কৃষকদের ধারণা, রমজানের শেষ দিকে বাজারে পিঁয়াজের সরবরাহ বাড়লে দাম আরও কমতে পারে।
চাষিরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে পিঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন, যাতে তারা আগামী মৌসুমেও উৎসাহের সঙ্গে চাষ করতে পারেন।



















