পাংশায় সরকারি রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ, গ্রামবাসীর সংবাদ সম্মেলন
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামে সরকারি চলাচলের রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রায় শতাধিক পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রামের বাসিন্দা মো. কালাম মোল্লার বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয়রা দাবি করেন, একটি প্রভাবশালী মহল পুকুর সম্প্রসারণের উদ্দেশ্যে বহুদিনের ব্যবহৃত সরকারি রাস্তাটি কেটে ফেলেছে। তাদের অভিযোগ, ওই সড়কটি দিয়ে অন্তত ১০০ থেকে ১৫০টি পরিবার নিয়মিত যাতায়াত করত। রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে গ্রামবাসীকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যা কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাস্তা কাটার সময় তারা প্রতিবাদ জানালে সংশ্লিষ্টরা ভয়ভীতি দেখান এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভয় দেখিয়ে চুপ থাকতে বলেন। এতে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন।
স্থানীয়দের আরও আশঙ্কা, খনন করা পুকুরটি বসতবাড়ির খুব কাছাকাছি হওয়ায় বর্ষা মৌসুমে ভাঙন বা জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হতে পারে। এতে কয়েকটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তারা দাবি করেন।
এ পরিস্থিতিতে গ্রামবাসী দ্রুত তদন্তের মাধ্যমে সরকারি রাস্তা পুনরুদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে কালাম মোল্লা, এরশেদ মোল্লা, খোরশেদ মোল্লা ও রফিকুল ইসলামসহ একাধিক ভুক্তভোগী পরিবার বক্তব্য রাখেন।













