রাঙামাটিতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রাঙামাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে আজ ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৩টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ তফাজ্জল হাসান হিরক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে রাঙামাটি পার্বত্য জেলার সকল বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. নুরেন খীসা, অতিরিক্ত পরিচালক বিভিজি মেজর মোহাম্মদ তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, বিভিন্ন বন কর্মকর্তাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কনফারেন্সে ভার্চুয়াল উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ ও শুনানি বিষয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিপুল কুমার দে একটি তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন এবং মাল্টিমিডিয়া স্লাইড প্রদর্শন করেন।
এ সময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুয়ায়ুন কবির ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রম বিষয়ে আইনগত বিভিন্ন দিক তুলে ধরেন। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের করণীয়, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ তফাজ্জল হাসান হিরক উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সমাপনী বক্তব্যে তিনি বিচারিক সেবার মানোন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।















