চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ২,৫০০ কোটি টাকার বিনিয়োগ চুক্তি, শিল্প ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা
দেশের শিল্প ও প্রযুক্তি খাতের আধুনিকায়ন এবং টেকসই শিল্পায়নের লক্ষ্যে চীনের শীর্ষস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠান Everbright Group-এর সহযোগী প্রতিষ্ঠান ‘এইচ অ্যান্ড ভি ওভারসিজ এইচকে লিমিটেড’ এবং দেশের গণমাধ্যমভিত্তিক প্রতিষ্ঠান Simplex Corporation Limited-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় প্রাথমিকভাবে ২০০ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ দেশের শিল্পায়ন, প্রযুক্তি স্থানান্তর এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি হস্তান্তর, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্প্রসারণে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। প্রাথমিকভাবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, গৃহস্থালি বৈদ্যুতিক পণ্য, বৈদ্যুতিক যানবাহন, লিথিয়াম ব্যাটারি, সৌরবিদ্যুৎ এবং আধুনিক বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস পণ্য খাতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিমপ্লেক্স করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম এবং এভারব্রাইট ফাইন্যানশিয়াল হোল্ডিং ক্যাপিটাল (বেইজিং) কোম্পানি লিমিটেডের বিনিয়োগ বিভাগের সহসভাপতি কৌ হুইলি (কোকো)সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৌ হুইলি বলেন, বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, ক্রমবর্ধমান ভোক্তা বাজার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুযোগ তৈরি করেছে। তিনি জানান, প্রাথমিক বিনিয়োগের পর প্রকল্পের অগ্রগতি ও বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি করা হতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশে আধুনিক শিল্পায়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ কারণে অন্যান্য চীনা উদ্যোক্তাদেরও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই অংশীদারিত্ব বাস্তবায়িত হলে দেশে আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থা গড়ে উঠবে, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যকার অর্থনৈতিক ও শিল্প সহযোগিতা আরও শক্তিশালী হবে।
দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমঝোতা স্মারক যৌথ প্রকল্প বাস্তবায়নের ভিত্তি হিসেবে কাজ করবে। শিগগিরই পৃথক ও সুনির্দিষ্ট চুক্তির মাধ্যমে প্রকল্পগুলোর মাঠপর্যায়ের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, সিমপ্লেক্স করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কৃতি সন্তান। আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে তাঁর এই উদ্যোগ উত্তরাঞ্চলের জন্যও একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।















