গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে হরিরামপুর ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এ ক্যাম্পেইনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী ইউনিয়ন পরিষদে গঠিত গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিভিন্ন ফৌজদারি ও দেওয়ানি বিরোধের দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির সুযোগ প্রদান করে। গ্রাম আদালত অনধিক ৩ লাখ টাকা মূল্যমানের নির্দিষ্ট বিরোধ নিষ্পত্তি করতে পারে এবং এখানে আইনজীবী নিয়োগের বিধান নেই।
বক্তারা আরও জানান, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ অল্প সময়ে ও কম খরচে ন্যায়বিচার পেতে পারে। এতে সামাজিক সম্প্রীতি বজায় থাকে, পক্ষগুলোর মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের সুযোগ সৃষ্টি হয় এবং উচ্চ আদালতে মামলার চাপও কমে।
ক্যাম্পেইনে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং বিচার প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত জনসাধারণকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।













