নবচেতনায় নববর্ষের সাজে নেত্রকোনা
ছবি- সকালের বার্তা
‘হে বৈশাখ বছর ঘুরে চৈত্রের খরতাপে পুড়ে- তুমি এসেছো আবার ফিরে, নবচেতনায় নববর্ষের সাজে বাঙালির তরে।’ ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ-১৪৩৩। আজ পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচিতে মঙ্গলবার নেত্রকোনা জুড়ে বিরাজ করেছে উৎসবমুখর পরিবেশ।
আজ (১৪ এপ্রিল) মঙ্গলবার সকালে জেলা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে। বৈশাখী শোভাযাত্রায় অংশ নেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল বৈশাখী শোভাযাত্রা, বর্ষবরণ উৎসব এবং নানা সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পালিত হচ্ছে নববর্ষের উৎসব।














