ভোটকেন্দ্রে থাকবে অস্ত্রধারী আনসার, নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য অন গ্রাউন্ড ডিউটিতে থাকবেন। এর মধ্যে তিনজন থাকবেন অস্ত্রধারী।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এনডিসি, পিএসসি এ তথ্য জানান। সোমবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আনসার ভিডিপি সমাবেশ ও হাজিরা প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “প্রতিটি কেন্দ্রে তিনজন অস্ত্রধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে একজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে এবং দুইজন সেকশন টু-আইসির সঙ্গে থাকবেন। বাকি ১০ জনের মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী সদস্য দায়িত্বে থাকবেন।”
তিনি আরও জানান, ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বা গণ্ডগোল সৃষ্টি হলে দুইজন এন্ডইউজার ছবি ও ভিডিও ধারণ করে তা রেসপন্স গ্রুপে আপলোড করবেন এবং লোকেশন শেয়ার করবেন। এরপর আনসার স্টাইকিং ফোর্স, বিজিবি, পুলিশ, র্যাব ও সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।
ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ বলেন, “এই নির্বাচন যেন সুন্দর ও গ্রহণযোগ্য হয়, সেজন্য সমন্বিতভাবে আমরা কাজ করছি। প্রশিক্ষণপ্রাপ্ত ও যাচাই-বাছাই করা সদস্যদেরই দায়িত্বে রাখা হয়েছে। আনসার সদস্যরা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন।”
তিনি আরও বলেন, “জাতির প্রত্যাশা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। সেই প্রত্যাশা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার মধ্যে ৮টি উপজেলা হাওরবেষ্টিত। জেলার ৫টি সংসদীয় আসনে এবার ভোটাধিকার প্রয়োগ করবেন ২০ লাখ ৮০ হাজার ৩৩৫ জন ভোটার। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৭২০টি। এসব কেন্দ্রে প্রায় ৯ হাজার ৩৬০ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে ২ হাজার ১৬০ জন থাকবেন অস্ত্রধারী।
এদিকে, সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ১৩ জন করে মোট প্রায় ৫ লাখ ৬০ হাজার প্রশিক্ষিত আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
নিরাপত্তার এই জোরদার ব্যবস্থার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।













