গুজবে কান না দিয়ে নির্ভয়ে ভোট দিন: দেশবাসীকে নির্বাচন কমিশনের আহ্বান
ছবি- সংগৃহীত
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ভোটারদের উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিশেষ সতর্কবার্তায় এই আহ্বান জানানো হয়।
ইসি জানিয়েছে, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে অনলাইনে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে কমিশন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে:
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
শেরপুর-৩ আসন ব্যতীত দেশের বাকি ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচন ও গণভোট একই সাথে অনুষ্ঠিত হবে।
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোটকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা দেশজুড়ে তৎপর রয়েছেন।
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষে দ্রুততম সময়ে গণনা শুরু হবে। পরদিন অর্থাৎ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, “ভোট দেওয়া নাগরিক অধিকার। কোনো অপশক্তি যেন এই অধিকার হরণে বাধা দিতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে আসুন এবং নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিন।”
উল্লেখ্য, এবারই প্রথম সংসদ নির্বাচনের সাথে দেশের সাংবিধানিক সংস্কার সংক্রান্ত একটি ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।















