দৌলতপুরে একাধিক হত্যা, অস্ত্র ও ছিনতাই মামলার পলাতক আসামি পুলিশের জালে
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীসংলগ্ন চরাঞ্চলে সক্রিয় ‘কাকন বাহিনী’র সদস্য ও একাধিক হত্যা, অস্ত্র এবং ছিনতাই মামলার পলাতক আসামি রায়হান প্রামাণিক ওরফে রায়েন (৪০) কে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পদ্মা নদীসংলগ্ন একটি বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার রায়হান ফিলিপনগর ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমান হবি প্রামাণিকের ছেলে।
পুলিশের দাবি, রায়হানের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর ছাড়াও রাজশাহীর বাঘা ও নাটোর জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও ছিনতাইসহ এক ডজনের বেশি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তিনি এজাহারভুক্ত আসামি। মামলাগুলোর পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একাধিক হত্যা ও অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও তদন্ত চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, পদ্মার চরাঞ্চলভিত্তিক ‘কাকন বাহিনী’র একজন সক্রিয় সদস্য হিসেবে রায়হানের নাম পুলিশের নথিতে রয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা চলমান।
পুলিশ আরও জানায়, ২০২৫ সালের ২৭ অক্টোবর দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের চৌদ্দ হাজর মোড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘কাকন গ্রুপ’ ও ‘মঙ্গল গ্রুপের’ মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে উভয় পক্ষের তিনজন নিহত হন। পরবর্তীতে এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রায়হানকে এজাহারভুক্ত আসামি করা হয়।
ওই ঘটনার পর থেকেই রায়হান আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন পর গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রায়হানের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলোর বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।













