এমপি বাচ্চু মোল্লার হোয়াটসঅ্যাপ হ্যাক, দৌলতপুর থানায় জিডি
ছবি: সংগৃহীত
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চুর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। নম্বরটির নিয়ন্ত্রণ নিয়ে একটি প্রতারক চক্র তার পরিচিতজন ও সাধারণ মানুষের কাছে টাকা বা আর্থিক সহায়তা দাবি করতে পারে এমন আশঙ্কা থেকে সকলকে সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
১ আগস্ট বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক জরুরি সতর্কবার্তার মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
সতর্কবার্তায় এমপি রেজা আহমেদ বাচ্চু জানান, হ্যাক হওয়া ওই নম্বর থেকে যদি কেউ কোনো ধরনের আর্থিক লেনদেন, সাহায্য বা অদ্ভুত বার্তা পেয়ে থাকেন, তবে তাতে যেন কেউ সাড়া না দেন। তিনি স্পষ্ট করে বলেন, তার পক্ষ থেকে কখনোই কারও কাছে কোনো ধরনের টাকা চাওয়া হচ্ছে না।
তিনি আরও উল্লেখ করেন যে, একটি কুচক্রী মহল তার নাম ও পরিচয় ব্যবহার করে অনৈতিক সুবিধা হাসিলের চেষ্টা চালাচ্ছে। তাই মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচয় দিয়ে কেউ কোনো অর্থ বা বিশেষ সুবিধা চাইলে তা দ্রুত যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
হিসাববহির্ভূত এই ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গেই আইনি পদক্ষেপ ও প্রযুক্তিগত সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই সংসদ সদস্য। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। প্রতারকদের পাতা ফাঁদ এড়াতে এমপি রেজা আহমেদ বাচ্চুর নাম ব্যবহার করে আসা যেকোনো সন্দেহজনক বার্তা বা আর্থিক অনুরোধ যাচাই না করে কোনো অবস্থাতেই লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।













