কুমারখালীতে দোকান থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে নানা প্রশ্ন
ছবিঃ সংগৃহীত
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গোলাবাড়ি বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে মো. হাবিবুল্লাহ (৪০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েক দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার (১ আগস্ট) দুপুরে দোকান থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত হাবিবুল্লাহ পান্টি ইউনিয়নের আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে। দীর্ঘদিন বিদেশে অবস্থান শেষে দেশে ফিরে তিনি আদম ব্যবসার পাশাপাশি পান্টি গোলাবাড়ি বাজারে একটি ফার্নিচারের দোকান পরিচালনা করছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গত বুধবার থেকে হাবিবুল্লাহর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোন সচল থাকলেও তিনি কারও ফোনকল গ্রহণ করছিলেন না। আত্মীয়-স্বজন ও পরিচিতজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার দুপুরে দোকান থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়রা ভেতরে গিয়ে তার অর্ধগলিত মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পাশাপাশি মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, হাবিবুল্লাহ কিছু আর্থিক সংকটে ছিলেন এবং তার ওপর ঋণের চাপ ছিল। ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হলেও, মরদেহের অবস্থা বিবেচনায় মৃত্যুর প্রকৃত কারণ এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সেই সঙ্গে ঘটনার সব দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের আবহ বিরাজ করছে। নিহতের পরিবারের সদস্যরা মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।













