টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় মসজিদের মুয়াজ্জিন সহ গ্রেপ্তার দুই, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার
টাঙ্গাইলে চাঞ্চল্যকর গৃহবধূ নাজমা আলম হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। ক্লুলেস এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে একটি মসজিদের মুয়াজ্জিন এবং একজন স্বর্ণ ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, দেলদুয়ার উপজেলার মৃত মোতালেব সরকারের ছেলে ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন মোশারফ হোসেন (৪২) এবং স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকার (৪৫)। গ্রেফতারের পাশাপাশি তাদের হেফাজত থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গৃহবধূ নাজমা আলম হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ অপরাধীদের শনাক্ত করতে সর্বোচ্চ তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল পরিকল্পনাকারী ও তার সহযোগীকে আইনের আওতায় আনা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত চুরির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। গ্রেফতারকৃত মুয়াজ্জিন মোশারফ হোসেন চুরির পর লুণ্ঠিত স্বর্ণালংকার বিক্রির জন্য স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকারের দ্বারস্থ হন। সন্তোষ কর্মকার চোরাই মাল জেনেও তা নিজের কাছে রাখেন এবং এর একটি অংশ গলিয়ে ফেলেন। পুলিশ অভিযান চালিয়ে সেই আংশিক গলানো স্বর্ণ এবং বিক্রিত টাকা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে আর কেউ জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।













