কেশবপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার, মামলাভুক্ত ১১ জন কারাগারে
যশোরের কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে উসকানি ও সম্পৃক্ততার অভিযোগে আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) গভীর রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (২১ জুন) সকালে তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদুজ্জামান মাসুদ এবং ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ বিশ্বাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুন কেশবপুরের পরচক্রা ও সোনাতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলের ছবি ও ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ঘটনায় মিছিলের উসকানিদাতা হিসেবে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় মির্জানগর গ্রামের আকরাম হোসেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে কেশবপুর থানায় একটি মামলা (নম্বর-০৮) দায়ের করেন। ওই মামলার সূত্র ধরেই পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।
পুলিশ জানায়, এ পর্যন্ত ওই মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গ্রেফতার হওয়া নয়জন হলেন—নজরুল ইসলাম খান, রাকিবুল ইসলাম, আব্দুল জলিল, ছলেমান সরদার, নজরুল ইসলাম (৩৮), নজরুল ইসলাম (৪২), সরোজিত দাস, মুজাহিদ হোসেন ও মাসুদ রানা। তাদের সকলকেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছা. রোকসানা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, “আসামিদের গ্রেফতারের ধারাবাহিকতায় শনিবার রাতে দুই আওয়ামী লীগ নেতাকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।”
এলাকাবাসী ও সচেতন মহলের মতে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন কঠোর অবস্থান অত্যন্ত প্রশংসনীয়।













