আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে করিমগঞ্জে জেলা পরিষদের জমি দখলের চেষ্টা, উত্তেজনা
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় জেলা পরিষদের প্রায় ৮৯ শতাংশ জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মৃত আব্দুল জব্বার মেম্বারের ছেলে কামাল, জামাল, এরশাদ ও বাবুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা পরিষদের ওই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বেও শনিবার (২০ জুন) সকালে অভিযুক্তরা হঠাৎ করে জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২ জুন জেলা পরিষদের প্রশাসক সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া জমিটি নিয়ে আদালতের ১৪৪ ধারা বলবৎ রয়েছে বলে জানা গেছে। এরপরও সরকারি নির্দেশনা ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ চালানোর চেষ্টা করা হয়।
জেলা পরিষদের উচ্চমান সহকারী মো. হাসিবুর রহমান সবুজ বলেন, “জমিটি বর্তমানে আদালতের আদেশাধীন এবং এখানে ১৪৪ ধারা জারি রয়েছে। এমন পরিস্থিতিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি।”
এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সুহেল বলেন, “আমি নিজে ঘটনাস্থলে গিয়ে স্থাপনা নির্মাণ না করার জন্য নির্দেশনা দিয়েছি। সরকারি সম্পত্তি রক্ষায় এবং আদালতের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল জেলা পরিষদের সম্পত্তি রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।













