ভূরুঙ্গামারীতে মরিচক্ষেতে মিলল ১০ ফুটের গাঁজাগাছ, আইনি পদক্ষেপের প্রস্তুতি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি মরিচক্ষেত থেকে প্রায় ১০ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাছটির পরিচর্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
শনিবার (২০ জুন) উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই বটতলা এলাকার চরাঞ্চলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন। অভিযানে তার সঙ্গে ছিলেন ভূরুঙ্গামারী থানার এএসআই আবু সাঈদ সুজন।
পুলিশ জানায়, অভিযানের সময় একটি মরিচক্ষেতের ভেতর থেকে অস্বাভাবিক বড় আকারের গাঁজাগাছটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় বাসিন্দা ইউসুফ মিয়া দীর্ঘদিন ধরে গাছটির পরিচর্যা করে আসছিলেন। প্রায় দুই বছরের পরিচর্যায় গাছটি ১০ ফুটের কাছাকাছি উচ্চতায় পৌঁছায়। তবে গাছে ফুল আসার আগেই পুলিশের অভিযানে তা জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ওই চরাঞ্চলে আরও কোথাও অবৈধভাবে গাঁজার চাষ হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এএসপি মুনতাসির মামুন মুন বলেন, অধিক লাভের আশায় কিছু কৃষক মাদক ব্যবসায়ীদের প্ররোচনায় পড়ে অবৈধ চাষাবাদে জড়িয়ে পড়েন। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
পুলিশ জানিয়েছে, অবৈধ মাদক চাষ ও মাদক কারবার রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













