ফরিদপুরে ডিএনসির জালে কুষ্টিয়ার মাদক ব্যবসায়ী, উদ্ধার ১ হাজার ইয়াবা।
মাদকের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে নেমেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর থেকে ১ হাজার পিস ইয়াবাসহ মো. মিজানুর রহমান (৪৭) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে কোতোয়ালি থানার ব্রাহ্মণকান্দা এলাকার রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা খামারপাড়া এলাকার বাসিন্দা মিজানুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তিনি বিভিন্ন সময় কুষ্টিয়া থেকে ইয়াবার চালান ফরিদপুরসহ আশেপাশের জেলাগুলোতে পাচার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ডিএনসি’র একটি বিশেষ টিম অবস্থান নেয়। এরপর মাদক হাতবদল বা গন্তব্যে পৌঁছানোর আগেই মিজানুরকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার জানান, অভিযানের সময় মিজানুরের শরীর তল্লাশি করে ১ হাজার পিস মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ক-সার্কেল) বেলায়েত হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন।
ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক নির্মূলে তাদের এই কার্যক্রম চলমান থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে বাঁচাতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।















