মিরপুরে পুলিশের ওপর হামলা, ট্যাপেন্টাডল ও প্রাইভেটকারসহ আটক কথিত মাদক সম্রাট জাহিদ।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ জাহিদ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক জাহিদ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
সোমবার রাতে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে মশান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের একটি দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরা করায় জাহিদের ব্যবহৃত প্রাইভেটকার থামিয়ে তল্লাশির উদ্যোগ নেয় পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে জাহিদ ও তার সহযোগীরা পুলিশের কাজে বাধা দেন এবং হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে মিরপুর থানার এএসআই শামসু ও এএসআই ফারুক আহত হন। পরে তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। রাতেই মশান এলাকা থেকে জাহিদকে আটক করা হয়। এরপর তার প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে বাধা দিয়ে দুই পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় জাহিদকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।















