দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাস ডুবির ঘটনায় চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় বাসচালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন বাসচালক মো. ঝন্টু আলী (৪৮), তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর এলাকায়। সুপারভাইজার মো. আজমল হোসেন (৩৮), কুষ্টিয়ার সুগ্রীবপুর এলাকার বাসিন্দা এবং হেলপার শাকিব হোসেন (২২), তিনিও কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর এলাকার বাসিন্দা।
এর আগে শুক্রবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
ঘটনার পর দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবুজার গিফারী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায় নিরূপণের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।















