মাদকের টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামী আকাশের বিরুদ্ধে পরিবারের অভিযোগ।
কুষ্টিয়া শহরের কানাবিল মোড় এলাকায় মাদকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে আকাশ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম মিম খাতুন (২২)। বুধবার (৩ জুন) ভোরে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিম খাতুনের পাঁচ বছর বয়সী তানহা নামে একটি কন্যাসন্তান রয়েছে। জীবিকা নির্বাহের জন্য তিনি হস্তশিল্পের কাজ করতেন।
নিহতের ছোট ভাই আবির অভিযোগ করে বলেন, তার দুলাভাই আকাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই তার বোনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। গত ১ জুন মিম তাদের জুগিয়া এলাকার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় আকাশ মিমের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে নিজের বাসায় চলে যান।
আবির জানান, মোবাইল ফোনটি ফেরত নিতে মিম স্বামীর বাসায় গেলে আকাশ তাকে নির্মমভাবে মারধর করেন। একপর্যায়ে গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করেন এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখাতে ঘরের ডাবের (আড়ার) সঙ্গে ঝুলিয়ে রাখেন বলে অভিযোগ পরিবারের। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় মিমকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের পরিবার আকাশের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।
ঘটনাস্থলে সুরতহাল কার্যক্রম পরিচালনাকারী কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী সামসুল আলম জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।















