শামিম জাহাঙ্গীর হত্যা মামলার পলাতক আসামি রাজীব মিস্ত্রি র্যাবের জালে
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দরবার প্রধান শামিম জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি (৩২) কে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার দিবাগত রাতে (৩০ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার থানা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এবং র্যাব-০৫ এর সদর কোম্পানির সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার রাজীব মিস্ত্রি দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের বাসিন্দা। তিনি ওই হত্যা মামলার এজাহারে ৩ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন এবং ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব সূত্র জানায়, মামলার তদন্তের অগ্রগতির অংশ হিসেবে তদন্তকারী কর্মকর্তার অনুরোধে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, দরবার প্রধান শামিম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।















