বাউফলে মাদরাসা পরীক্ষা কেন্দ্রের সামনে অস্ত্রসহ যুবক আটক, ৬ জন থানায় সোপর্দ,
পটুয়াখালীর বাউফল উপজেলায় ধানদী কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ এক বহিরাগত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ ঘটনা ঘটে।
জানা গেছে, বড় ডালিমা দাখিল মাদরাসা ও রামনগর দাখিল মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে পূর্বের ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের সামনে জড়ো হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধানদী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুল্লাহ দ্রুত পুলিশের সহযোগিতা নেন। পরে কেন্দ্রের সামনে অবস্থানরত দেশীয় অস্ত্রসহ ওই বহিরাগত যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় ৫ জন দাখিল পরীক্ষার্থীসহ মোট ৬ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি এলাকায় উদ্বেগ সৃষ্টি করলেও প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।













