সৈয়দপুরে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট, এক লক্ষ টাকা জরিমানা
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত এক মোবাইল কোর্টে একটি ফলের আড়তকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সৈয়দপুর উপজেলার পাঁচমাথা মোড়ের ফল পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, নীলফামারীর সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় উপজেলা প্রশাসন, সৈয়দপুর; উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসাইন। এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার মো. শিহাব উদ্দীনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং সৈয়দপুর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযানকালে পাঁচমাথা ফল পট্টি এলাকায় অবস্থিত “মিতু ফল ভান্ডার” নামক একটি আড়তে অননুমোদিত কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম মজুদ ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এছাড়া এসব আম ক্রয়-বিক্রয়ের কোনো বৈধ রশিদও সংরক্ষণ করা হয়নি।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৮ ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়। একই সঙ্গে প্রায় ১২০ কেজি অপরিপক্ক আম জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। অন্যথায় আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে বলেও জানানো হয়েছে।















