মিরপুরে আমলা পুলিশের সাফল্য: ১২ ঘণ্টার অভিযানে চোরাই সিগারেটসহ আটক ২
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চুরির ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে চোরাই মালামাল উদ্ধারসহ দুই চোরকে আটক করেছে আমলা পুলিশ ক্যাম্পের সদস্যরা। উপজেলার খয়েরপুর বাজারের ‘মান্নান স্টোর’ থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ সিগারেটসহ শরিবার দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো— খয়েরপুর গ্রামের বাদশার ছেলে সাকিব (১৯) এবং একই গ্রামের শরিফুলের ছেলে হৃদয় (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে খয়েরপুর বাজারের মান্নান স্টোরে একটি চুরির ঘটনা ঘটে। ঘটনা জানার পরপরই আমলা পুলিশ ক্যাম্পের চৌকস ইনচার্জ রাকিবুজ্জামান ও সহকারী ইনচার্জ লুৎফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাঠে নামেন। টানা ১২ ঘণ্টার এক চিরুনি অভিযান পরিচালনা করেন তারা। অবশেষে শনিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খয়েরপুর গ্রামে অভিযান চালিয়ে সাকিব ও হৃদয়ের ঘর তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তাদের হেফাজত থেকে চুরি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৪৭ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে: রয়েল: ৮০ প্যাকেট,গোল্ডলিফ: ৪৪ প্যাকেট,বেনসন: ২৯ প্যাকেট,লাকি স্ট্রাইক: ১৬ প্যাকেট,ক্যামেল: ০৯ প্যাকেট,স্টার: ০৮ প্যাকেট,ডারবি: ০৬ প্যাকেট,বড় লাকি স্ট্রাইক: ০৩ প্যাকেট,নেভী: ০২ প্যাকেট
আটক করার পর আসামিদের ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা মান্নান স্টোর থেকে এই সিগারেটগুলো চুরি করার কথা স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ রাকিবুজ্জামান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ”আমার ক্যাম্প সীমার মধ্যে কেউ কোনো প্রকার অপরাধ করে শান্তিতে বসবাস করবে— এটা আমি কখনোই হতে দেব না। চিরুনি দিয়ে যেমন মাথার চুলের ভেতর থেকে উকুন বের করা হয়, অপরাধী যত ক্ষমতাবানই হোক না কেন, তাকে সেভাবেই খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় স্বস্তি নেমে এসেছে এবং দ্রুত পদক্ষেপের জন্য স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।













