পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জুমার নামাজে যাওয়ার পথে বজ্রপাতে আলমগীর সরদার (৪৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৫ জুন) দুপুরে আনুমানিক ১২ টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের পশ্চিম চরকাজল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর ওই গ্রামের মৃত আহমেদ সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আলমগীর। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি মাঠ থেকে নিজের গরু আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে তীব্র বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে নামাজ শেষে আলমগীর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে মাঠের এক প্রান্তে গরুগুলোকে জড়ো হয়ে থাকতে দেখে স্বজনরা সেখানে এগিয়ে যান এবং আলমগীরকে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা এসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরকাজল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।











