দৌলতপুরে শামীম জাহাঙ্গীর হত্যা: সংবাদে ছাত্রদলের নাম জড়ানো ‘ভিত্তিহীন’ দাবি, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
কুষ্টিয়ার দৌলতপুরে শামীম জাহাঙ্গীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগকে ‘মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে উপজেলা ছাত্রদল।
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় দৌলতপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা আনুষ্ঠানিকভাবে এ অবস্থান তুলে ধরেন। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল।
লিখিত বক্তব্যে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিবেদনে কোনো ধরনের তথ্য যাচাই বা সংগঠনের সঙ্গে যোগাযোগ ছাড়াই ছাত্রদলের নেতাকর্মীদের হত্যাকাণ্ডে জড়িত হিসেবে উপস্থাপন করা হয়েছে। এ ধরনের উপস্থাপনাকে তারা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, প্রতিবেদনে উল্লেখিত ফিলিপনগর ইউনিয়নে দীর্ঘদিন ধরে ছাত্রদলের কোনো কার্যকর কমিটি নেই। ফলে ওই এলাকায় সংগঠনের সক্রিয় উপস্থিতির প্রশ্নই ওঠে না। একইসঙ্গে প্রতিবেদনে যাদের নাম ও পরিচয় উল্লেখ করা হয়েছে, সেগুলোকেও অসত্য বলে দাবি করা হয়।
নেতারা বলেন, ঘটনার সময় সেখানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল এবং সেখান থেকে ইচ্ছাকৃতভাবে কিছু ব্যক্তিকে ছাত্রদলের পরিচয়ে চিহ্নিত করা হয়েছে। তবে মামলার এজাহার, চলমান তদন্ত কিংবা স্থানীয় সূত্রে এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি যা ছাত্রদলের সংশ্লিষ্টতা প্রমাণ করে।
তাদের অভিযোগ, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি সৃষ্টি করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে নেতারা স্পষ্টভাবে জানান, ছাত্রদল কোনো ধরনের সহিংসতা বা অপরাধকে সমর্থন করে না এবং আলোচিত ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। একইসঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানানো হয়।
এসময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিতদের ধন্যবাদ জানানো হয়।













