ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক ও নারী নির্যাতনমুক্ত পরিচ্ছন্ন সখিপুর গড়তে সহযোগিতা চাইলেন টাঙ্গাইলের ডিসি
ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক ও নারী নির্যাতনমুক্ত এবং পরিচ্ছন্ন সখীপুর গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ।
সোমবার (১৬ নভেম্বর) টাঙ্গাইলের সখীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সখীপুর উপজেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সহসভাপতি মো. নাসির উদ্দিন, সাংবাদিক এনামুল হক এবং প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মুক্তি প্রমুখ।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি একটি সুন্দর, নিরাপদ ও পরিচ্ছন্ন সখীপুর গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভা শেষে তিনি উপজেলা পরিষদ মাঠে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন। পরে নজরুল নববর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।













