শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও সাভার ডেইরি ফার্মে বন্ধ হয়নি সরকারি বাসা সাবলেট-ফুললেটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম
প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও সাভার ডেইরি ফার্মে বন্ধ হয়নি সরকারি বাসা সাবলেট-ফুললেটের অভিযোগ

নির্ধারিত সময়সীমা পার হলেও দৃশ্যমান পদক্ষেপ নেই, কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ

সরকারি বাসা ও ফ্ল্যাট অবৈধভাবে ভাড়া কিংবা সাবলেট দেওয়া বন্ধে কঠোর নির্দেশনা জারি করা হলেও সাভার ডেইরি ফার্মের আবাসিক এলাকায় এখনো সরকারি বাসা সাবলেট ও ফুললেট দেওয়ার অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলেও এ বিষয়ে কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

গত ২৯ অক্টোবর সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জাহিরুল ইসলাম খানের স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সরকারি বাসা বা ফ্ল্যাটের সম্পূর্ণ কিংবা আংশিক অংশ অন্যের কাছে ভাড়া বা সাবলেট দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পরিদর্শনে কয়েকজন বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে সরকারি বাসার এক বা একাধিক কক্ষ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে ভাড়া বা সাবলেট দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের কার্যক্রম ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা ইতোমধ্যে সরকারি বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা সম্পূর্ণ বাসা ভাড়া বা সাবলেট দিয়েছেন, তাদের ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতাদের সরিয়ে দিয়ে নিজেরা বসবাস শুরু করতে হবে। অন্যথায় কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই বরাদ্দ বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমন কঠোর নির্দেশনার পরও সাভার ডেইরি ফার্মের আবাসিক এলাকায় সাবলেট ও ফুললেট দেওয়ার অভিযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার যোগসাজশে সরকারি আবাসনের এসব অনিয়ম চলমান রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

প্রশ্ন উঠেছে, সরকারি আবাসন পরিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নে সাভার ডেইরি ফার্ম কর্তৃপক্ষ এখন পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে? সরকারি বাসা বরাদ্দের শর্ত ভঙ্গ করে কেউ অন্যের কাছে বাসা ভাড়া দিয়ে থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

এদিকে বাংলাদেশ বরাদ্দ বিধিমালার ১৪(৩) বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট বরাদ্দগ্রহীতার দপ্তরপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে অবহিত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টিও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সচেতন মহলের দাবি, সাভার ডেইরি ফার্মের আবাসিক এলাকায় জরুরি ভিত্তিতে সরেজমিন তদন্ত করে সাবলেট ও ফুললেট দেওয়া বাসাগুলোর তালিকা প্রকাশ করতে হবে। প্রকৃত বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি সেখানে বসবাস করছেন কি না, সরকারি বাসা ভাড়া দিয়ে অর্থ আদায় করা হচ্ছে কি না এবং কোনো কর্মকর্তার যোগসাজশ রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সরকারি আবাসন কোনো ব্যক্তির ব্যক্তিগত আয়ের উৎস হতে পারে না। তাই সরকারি নির্দেশনার যথাযথ বাস্তবায়ন এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত এখন সময়ের দাবি।

জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা বিষয়ক সম্পাদক হলেন নাগরপুরের রাকিবুল ইসলাম

সোলায়মান হোসাইন প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৪৭ এএম
জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা বিষয়ক সম্পাদক হলেন নাগরপুরের রাকিবুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের ১১১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সন্তান মোঃ রাকিবুল ইসলাম। সংগঠনটির প্রকাশিত কেন্দ্রীয় কমিটির তালিকায় ১০৩ নম্বর ক্রমিকে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের আংশিক কেন্দ্রীয় নির্বাহী কমিটির তালিকায় তাঁর এ পদায়নের বিষয়টি উঠে আসে। বিএনপির রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন।

কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পাওয়ায় তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক পথচলায় নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। বিশেষ করে শিক্ষা ও তরুণ সমাজের উন্নয়নে কাজ করার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার সুযোগ তৈরি হয়েছে তাঁর সামনে।

নতুন দায়িত্বকে ঘিরে রাকিবুল ইসলামের সম্ভাব্য কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষায় ফিরিয়ে আনার উদ্যোগ, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম এবং তরুণ প্রজন্মের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে কাজ করা।

এ ছাড়া তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করা এবং শিক্ষিত তরুণদের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।

রাকিবুল ইসলাম দৈনিক সকালের বার্তা প্রতিবেদককে জানান, “শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। আমি মনে করি, তরুণ প্রজন্মকে সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক চেতনায় গড়ে তুলতে পারলে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব। বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পাওয়ায় আমি কৃতজ্ঞ। এ দায়িত্বকে আমি সম্মান ও দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করতে চাই। বিশেষ করে শিক্ষার্থীদের কল্যাণ, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করার ইচ্ছা রয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে চাই। এ ক্ষেত্রে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।”

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ও তরুণ সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার মধ্য দিয়ে নিজের দায়িত্ব পালনের প্রত্যাশা রয়েছে রাকিবুল ইসলামের। নাগরপুরের মামুদনগর ইউনিয়ন থেকে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পাওয়ায় স্থানীয় পর্যায়েও বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের প্রকাশিত তালিকায় ১০৩ নম্বর ক্রমিকে শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ রাকিবুল ইসলামের নাম রয়েছে। ১১১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

দৌলতপুর উপজেলার ৭নং কলিয়া ইউনিয়ন নির্বাচনে আলোচনায় শীর্ষে রয়েছেন জনাব ফেরদৌসের রহমান

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৩৬ এএম
দৌলতপুর উপজেলার ৭নং কলিয়া ইউনিয়ন নির্বাচনে আলোচনায় শীর্ষে রয়েছেন জনাব ফেরদৌসের রহমান

আসন্ন ৭নং কলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইউনিয়নবাসীর দীর্ঘদিনের পুঞ্জীভূত প্রত্যাশা পূরণ এবং অঞ্চলটিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত জনপদে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও পরিচ্ছন্ন ক্রিলিনইমেজ সম্পন্ন নেতা মো: ফেরদৌস রহমান। আসন্ন এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ওয়ার্ডে ওয়ার্ডে চষে বেড়াচ্ছেন এবং সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।

​বিপরীত রাজনৈতিক স্রোত ও চরম প্রতিকূল পরিস্থিতিতেও আদর্শচ্যুত হননি মো: ফেরদৌস রহমান। দীর্ঘ ১৭ বছর ধরে চলা ফ্যাসিস্ট সরকারের শাসনামলে দলের দুঃসময়ে তিনি ছিলেন রাজপথে অটল। এই দীর্ঘ সময়ে নানামুখী রাজনৈতিক দমন-পীড়ন, হয়রানি, গায়েবি হামলা ও মিথ্যা মামলার খড়্গ মাথায় নিয়েও তিনি এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষকে ছেড়ে যাননি। সুদিন কিংবা দুর্দিন—সব সময়ই মানুষের বিপদে-আপদে পাশে থেকে তিনি নিজেকে এক পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হলো তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

​একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ইউনিয়ন গঠনের লক্ষ্যে এই স্লোগানকে সামনে রেখেই মো: ফেরদৌস রহমান তাঁর সুদূরপ্রসারী নির্বাচনী রূপরেখা ভোটারদের সামনে তুলে ধরছেন। ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় তাঁর প্রধান অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে:

​ইউনিয়ন পরিষদকে সকল প্রকার দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মমুক্ত রাখা হবে। পরিষদের প্রতিটি কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের প্রকৃত অধিকার ফিরিয়ে দেওয়া হবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ব্যবসা, মাদকসেবন ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও আপসহীন অবস্থান নেওয়া হবে। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে ফিরিয়ে আনতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং মানসম্মত শিক্ষামুখী করার বিশেষ উদ্যোগ নেওয়া হবে। জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ থেকে শুরু করে সরকারের সকল নাগরিক সেবা কোনো রকম হয়রানি বা ঘুষ বাণিজ্য ছাড়াই সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। সেবা প্রাপ্তি প্রক্রিয়া সম্পূর্ণ সহজ ও দ্রুততর করা হবে। অনুন্নত গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, কাঁচা সড়ক পাকাকরণ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থার প্রবর্তন এবং আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে কলিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি সমাজের দুস্থ ও অবহেলিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

​কলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগের সময় সাধারণ ভোটার, তরুণ সমাজ, প্রবীণ মুরব্বি এবং ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় সিক্ত হয়ে মো: ফেরদৌস রহমান তাঁর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এলাকার সচেতন মহলের অভিমত, বিগত ১৭ বছরের দুঃসময়ে হামলা-মামলা সহ্য করে যিনি মাঠ ছেড়ে যাননি, সেই ত্যাগী ও পরীক্ষিত নেতা নির্বাচিত হলে ৭নং কলিয়া ইউনিয়ন একটি অপরাধমুক্ত, অধিকারসচেতন ও আধুনিক জনপদে পরিণত হবে—এমনটাই এখন সর্বস্তরের মানুষের প্রাণের দাবি।

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন নেতাদের সমস্যা শুনলেন পুলিশ সুপার।

তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ এএম
কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন নেতাদের সমস্যা শুনলেন পুলিশ সুপার।

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এ সময় তাঁদের বিভিন্ন সমস্যা ও উদ্বেগের কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

সভায় গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পাশাপাশি বাস, মিনিবাস, ট্রাক এবং পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন খাতের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

তিনি আগত ব্যাংক কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দকে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং দায়িত্বশীলতার মাধ্যমে সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিএসবিসহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি, ট্রাফিক পুলিশের প্রশাসনিক কর্মকর্তা, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ।