সখিপুরে মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, চূড়ান্ত বিল আটকে দেওয়ার নির্দেশ মন্ত্রীর
টাঙ্গাইলের সখিপুরে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত মিনি স্টেডিয়ামের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও অপরিকল্পিত ব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান সরেজমিনে স্টেডিয়ামটি পরিদর্শন করে নির্মাণকাজের নিম্নমান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের চূড়ান্ত বিল আটকে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ফলে চার মাস আগে নির্মাণকাজ শেষ হলেও এখনো স্টেডিয়ামটি হস্তান্তর ও উদ্বোধনের প্রক্রিয়া থমকে রয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তত্ত্বাবধানে ২০২৩ সালের ৪ এপ্রিল সখীপুর উপজেলার শোলাপ্রতিমা বাজারসংলগ্ন সাড়ে তিন একর জমিতে তৎকালীন ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শুরুতে ঢাকার ‘মজুমদার ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। তবে ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আগে প্রতিষ্ঠানটি মাত্র ৩০ শতাংশ কাজ সম্পন্ন করে অতিরিক্ত প্রায় ৭৩ লাখ টাকা বিল তুলে নেয় বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিষ্ঠানটি কাজ ফেলে চলে গেলে প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়ে। পরবর্তীতে স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে ‘সখীপুর মিনি স্টেডিয়াম’ রাখা হয় এবং বাকি কাজ শেষ করার দায়িত্ব পায় ঢাকার ‘টেকনিফ করপোরেশন’।
সরেজমিনে স্টেডিয়ামটি ঘুরে নির্মাণকাজে বেশ কিছু ত্রুটি ও অনিয়মের চিত্র দেখা গেছে। বাংলাদেশে সূর্যের আলোর দিক বিবেচনায় সাধারণত উত্তর-দক্ষিণমুখী মাঠ নির্মাণ করা হলেও স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে পূর্ব-পশ্চিমমুখী করে। এতে বিকেলে খেলার সময় এক পক্ষের খেলোয়াড়দের চোখে সরাসরি সূর্যের আলো পড়বে, যা খেলায় বিঘ্ন সৃষ্টি করতে পারে। এ ছাড়া গোলপোস্টের আদর্শ উচ্চতা ৮ ফুট হওয়ার কথা থাকলেও সরেজমিনে মেপে দেখা গেছে, এর উচ্চতা সাড়ে ৭ ফুট।স্টেডিয়ামের দক্ষিণ-পশ্চিম কোণে নবনির্মিত ওয়াশব্লক এবং পশ্চিম পাশের গ্যালারির পাশ থেকে গভীর গর্ত করে মাটি কেটে মাঠ ভরাট করা হয়েছে। অভিযোগ রয়েছে, কোনো গাইড ওয়াল নির্মাণ না করায় এবং চারপাশে ১৫ থেকে ২০ ফুট গভীর গর্ত থাকায় যেকোনো সময় ওয়াশব্লক ও গ্যালারি ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। সাময়িকভাবে বাঁশের খুঁটি ও চাটাই দিয়ে মাটি ধরে রাখার চেষ্টা করা হয়েছে।অন্যদিকে, প্যাভিলিয়ন ও দক্ষিণ পাশের গ্যালারি এমনভাবে নির্মাণ করা হয়েছে, যেখান থেকে মাঠের প্রায় এক-চতুর্থাংশ এবং একটি গোলপোস্ট দেখা যায় না। পাশাপাশি মাঠে দোআঁশ বা বালুমাটির পরিবর্তে এঁটেল মাটি ব্যবহার করায় তা শুকিয়ে শক্ত হয়ে খেলার অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।সখীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার মিজানুর রহমান ডালিম বলেন, ‘গ্যালারিতে বসে পুরো মাঠ দেখা যায় না। মাঠের মাটিও অসমান। গোলপোস্টের উচ্চতা কম হওয়া একটি চরম ত্রুটি।’এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আশরাফুল আলম সরেজমিন তদন্ত করে অনিয়মের সত্যতা পান বলে জানা গেছে। পরে তিনি জাতীয় ক্রীড়া পরিষদে এ বিষয়ে লিখিত প্রতিবেদন পাঠান। তিনি জানান, প্রতিবেদন পাঠানোর পর ক্রীড়া পরিষদের হস্তক্ষেপে ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু সংস্কারকাজ করেছে।
এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘পূর্ববর্তী সরকারের আমলে কাজটি শুরু হওয়ায় প্রশাসনের কাছে এ-সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য ছিল না। আমি পরিদর্শনে গিয়ে কাজের নিম্নমান দেখে চরম অসন্তোষ প্রকাশ করেছি এবং ঠিকাদারকে অনিয়মের বিষয়ে জানাতে বলেছি। কিন্তু ঠিকাদার আজ পর্যন্ত আমার সঙ্গে কোনো যোগাযোগ করেননি।’সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্টেডিয়ামের চিহ্নিত ত্রুটিগুলো দ্রুত সংস্কার না করা পর্যন্ত এটি বুঝে নেওয়া বা উদ্বোধন করা সম্ভব হচ্ছে না।











