নাগরপুরে জালাই পাইকাইল স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
টাঙ্গাইলের নাগরপুরে জালাই পাইকাইল স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় পাইকাইল আলহাজ্ব আইন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে বি কে স্পোর্টিং ক্লাব, বলিয়াপুর, সাভার ১-০ গোলে জামগড়া ফুটবল একাডেমি, আশুলিয়াকে পরাজিত করে।
খেলার উদ্বোধন করেন ৮ নম্বর দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রবিউল ইসলাম নবী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির সহকারী কারিগরি কর্মকর্তা ও ৪৬তম বিসিএস (কৃষি ক্যাডার) সুপারিশপ্রাপ্ত মো. সাইফুল রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালাই পাইকাইল স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. সামরুল হোসেন। এছাড়া ক্লাবের ক্রীড়া সম্পাদক তাপস কুমার শীলসহ ক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে মো. রবিউল ইসলাম নবী বলেন, খেলাধুলা একটি এলাকার যুবসমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। মাঠে তরুণদের ব্যস্ত রাখতে পারলে তারা মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে।
তিনি আরও বলেন, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে হলে স্থানীয়ভাবে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে সম্পৃক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
আয়োজকরা জানান, জালাই পাইকাইল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টটি সফল করতে ক্লাবের সকল সদস্য সার্বিক সহযোগিতা করছেন।
















