পাথলিয়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
ছবি- সকালের বার্তা
ঢাকা জেলার সাভার উপজেলার ৩ নং পাথলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ৩ নং পাথলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম।
সভায় বক্তব্যে মোঃ জহিরুল ইসলাম বলেন, “বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই দিনটি আমাদের অসাম্প্রদায়িক চেতনা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা বহন করে। পুরনো বছরের সব গ্লানি, দুঃখ ও ব্যর্থতা ভুলে আমরা নতুন উদ্যমে দেশ গঠনে এগিয়ে যাব—এটাই হোক নববর্ষের অঙ্গীকার। তিনি সকলকে বাংলা সংস্কৃতি লালন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।”
তিনি আরও বলেন, “গ্রাম পর্যায়ে এমন আয়োজন আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে সহায়তা করে। উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেক, ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারীদের মাঝে বাংলা নববর্ষের আনন্দ ছড়িয়ে পড়ে।













