শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আরও পাঁচটিতে সাধারণ ছুটি; পুলিশের সাউন্ড গ্রেনেডে সাংবাদিক আহত

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল গাজীপুর, মহাসড়ক অবরোধে জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:৫৭ পিএম
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল গাজীপুর, মহাসড়ক অবরোধে জনদুর্ভোগ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের পোশাকশিল্পাঞ্চল। শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে কার্যত অচল হয়ে পড়ে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে মহাসড়কের উভয় পাশে তৈরি হয় দীর্ঘ যানজট। চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী, কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের বিভিন্ন এলাকার ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই পরিস্থিতিতে মঙ্গলবার নতুন করে আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ভোগড়া বাইপাস এলাকায় আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হয়েছেন দৈনিক কালবেলার রিপোর্টার মামুন হোসাইন। তার বাম পায়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকেই গাজীপুর মহানগরীর নাওজোর, চান্দনা চৌরাস্তা, ছয়দানা কলম্বিয়া, ভোগড়া বাইপাস, গাজীপুরা ও গাছাসহ বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। প্রথমে কারখানার সামনে ও আশপাশের এলাকায় শ্রমিকেরা জড়ো হয়ে মিছিল করেন। পরে বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীরা একত্রিত হয়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে দুই মহাসড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিশেষ করে নাওজোর এলাকায় শ্রমিকদের একটি দল লাঠিসোঁটা হাতে নিয়ে বিক্ষোভ শুরু করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। অন্যদিকে চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিকদের আরেকটি দল বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। ছয়দানা কলম্বিয়া এলাকাতেও বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরবর্তী সময়ে আন্দোলন ছড়িয়ে পড়ে ভোগড়া বাইপাস, গাজীপুরা, গাছা ও আশপাশের শিল্পাঞ্চলে।

শ্রমিকদের মূল দাবি, বর্তমান দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। তাদের অভিযোগ, বর্তমান বাজারদরে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষাব্যয় মেটাতে গিয়ে শ্রমিকদের হিমশিম খেতে হচ্ছে। অথচ সেই অনুপাতে তাদের আয় বাড়ছে না। ফলে জীবনযাত্রার ব্যয় সামাল দিতে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ার পর শ্রমিকদের মধ্যে নতুন করে অসন্তোষ ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসা শ্রমিকদের মধ্যে এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল থেকেই শিল্প পুলিশ ও থানা পুলিশের সদস্যরা বিভিন্ন এলাকায় অবস্থান নেন। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলে কয়েকটি স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় পরে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়।

তবে আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আহত হওয়ার ঘটনাটি নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। ভোগড়া বাইপাস এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডে দৈনিক কালবেলার রিপোর্টার মামুন হোসাইন গুরুতর আহত হন। তার বাম পায়ে ক্ষত সৃষ্টি হলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের এভাবে আহত হওয়ার ঘটনায় সংবাদকর্মীদের নিরাপত্তার বিষয়টিও সামনে এসেছে।

অন্যদিকে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে গাজীপুরের পোশাকশিল্পেও। সোমবার থেকেই কোনাবাড়ি, মৌচাক ও পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার নতুন করে আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ফলে এসব কারখানার শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে কাজে যোগ দিতে পারেননি। কোনো কোনো কারখানা থেকে শ্রমিকেরা দলবদ্ধভাবে বেরিয়ে আসার সময় আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এতে একদিকে যেমন শ্রমিকদের কর্মজীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। দীর্ঘ সময় মহাসড়ক অবরুদ্ধ থাকায় পণ্যবাহী যানবাহন, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে। অনেক যাত্রীকে দীর্ঘ সময় যানবাহনে বসে থাকতে হয়। কেউ কেউ গন্তব্যে পৌঁছাতে বিকল্প পথ ব্যবহার করেন।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে কয়েকটি এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছিলেন। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সামগ্রিকভাবে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি পোশাকশিল্পের স্বাভাবিক কার্যক্রম ও জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি, কারখানার উৎপাদন সচল রাখা, মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা এবং আন্দোলন চলাকালে সাংবাদিক ও সাধারণ মানুষের নিরাপত্তা—সবকিছুই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিস্থিতির স্থায়ী সমাধানে শ্রমিক, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কার্যকর আলোচনা এবং দ্রুত গ্রহণযোগ্য সিদ্ধান্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: দৈনিক কালবেলা।

জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা বিষয়ক সম্পাদক হলেন নাগরপুরের রাকিবুল ইসলাম

সোলায়মান হোসাইন প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৪৭ এএম
জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা বিষয়ক সম্পাদক হলেন নাগরপুরের রাকিবুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের ১১১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সন্তান মোঃ রাকিবুল ইসলাম। সংগঠনটির প্রকাশিত কেন্দ্রীয় কমিটির তালিকায় ১০৩ নম্বর ক্রমিকে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের আংশিক কেন্দ্রীয় নির্বাহী কমিটির তালিকায় তাঁর এ পদায়নের বিষয়টি উঠে আসে। বিএনপির রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন।

কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পাওয়ায় তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক পথচলায় নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। বিশেষ করে শিক্ষা ও তরুণ সমাজের উন্নয়নে কাজ করার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার সুযোগ তৈরি হয়েছে তাঁর সামনে।

নতুন দায়িত্বকে ঘিরে রাকিবুল ইসলামের সম্ভাব্য কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষায় ফিরিয়ে আনার উদ্যোগ, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম এবং তরুণ প্রজন্মের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে কাজ করা।

এ ছাড়া তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করা এবং শিক্ষিত তরুণদের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।

রাকিবুল ইসলাম দৈনিক সকালের বার্তা প্রতিবেদককে জানান, “শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। আমি মনে করি, তরুণ প্রজন্মকে সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক চেতনায় গড়ে তুলতে পারলে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব। বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পাওয়ায় আমি কৃতজ্ঞ। এ দায়িত্বকে আমি সম্মান ও দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করতে চাই। বিশেষ করে শিক্ষার্থীদের কল্যাণ, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করার ইচ্ছা রয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে চাই। এ ক্ষেত্রে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।”

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ও তরুণ সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার মধ্য দিয়ে নিজের দায়িত্ব পালনের প্রত্যাশা রয়েছে রাকিবুল ইসলামের। নাগরপুরের মামুদনগর ইউনিয়ন থেকে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পাওয়ায় স্থানীয় পর্যায়েও বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের প্রকাশিত তালিকায় ১০৩ নম্বর ক্রমিকে শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ রাকিবুল ইসলামের নাম রয়েছে। ১১১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

দৌলতপুর উপজেলার ৭নং কলিয়া ইউনিয়ন নির্বাচনে আলোচনায় শীর্ষে রয়েছেন জনাব ফেরদৌসের রহমান

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৩৬ এএম
দৌলতপুর উপজেলার ৭নং কলিয়া ইউনিয়ন নির্বাচনে আলোচনায় শীর্ষে রয়েছেন জনাব ফেরদৌসের রহমান

আসন্ন ৭নং কলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইউনিয়নবাসীর দীর্ঘদিনের পুঞ্জীভূত প্রত্যাশা পূরণ এবং অঞ্চলটিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত জনপদে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও পরিচ্ছন্ন ক্রিলিনইমেজ সম্পন্ন নেতা মো: ফেরদৌস রহমান। আসন্ন এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ওয়ার্ডে ওয়ার্ডে চষে বেড়াচ্ছেন এবং সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।

​বিপরীত রাজনৈতিক স্রোত ও চরম প্রতিকূল পরিস্থিতিতেও আদর্শচ্যুত হননি মো: ফেরদৌস রহমান। দীর্ঘ ১৭ বছর ধরে চলা ফ্যাসিস্ট সরকারের শাসনামলে দলের দুঃসময়ে তিনি ছিলেন রাজপথে অটল। এই দীর্ঘ সময়ে নানামুখী রাজনৈতিক দমন-পীড়ন, হয়রানি, গায়েবি হামলা ও মিথ্যা মামলার খড়্গ মাথায় নিয়েও তিনি এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষকে ছেড়ে যাননি। সুদিন কিংবা দুর্দিন—সব সময়ই মানুষের বিপদে-আপদে পাশে থেকে তিনি নিজেকে এক পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হলো তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

​একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ইউনিয়ন গঠনের লক্ষ্যে এই স্লোগানকে সামনে রেখেই মো: ফেরদৌস রহমান তাঁর সুদূরপ্রসারী নির্বাচনী রূপরেখা ভোটারদের সামনে তুলে ধরছেন। ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় তাঁর প্রধান অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে:

​ইউনিয়ন পরিষদকে সকল প্রকার দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মমুক্ত রাখা হবে। পরিষদের প্রতিটি কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের প্রকৃত অধিকার ফিরিয়ে দেওয়া হবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ব্যবসা, মাদকসেবন ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও আপসহীন অবস্থান নেওয়া হবে। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে ফিরিয়ে আনতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং মানসম্মত শিক্ষামুখী করার বিশেষ উদ্যোগ নেওয়া হবে। জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ থেকে শুরু করে সরকারের সকল নাগরিক সেবা কোনো রকম হয়রানি বা ঘুষ বাণিজ্য ছাড়াই সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। সেবা প্রাপ্তি প্রক্রিয়া সম্পূর্ণ সহজ ও দ্রুততর করা হবে। অনুন্নত গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, কাঁচা সড়ক পাকাকরণ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থার প্রবর্তন এবং আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে কলিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি সমাজের দুস্থ ও অবহেলিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

​কলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগের সময় সাধারণ ভোটার, তরুণ সমাজ, প্রবীণ মুরব্বি এবং ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় সিক্ত হয়ে মো: ফেরদৌস রহমান তাঁর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এলাকার সচেতন মহলের অভিমত, বিগত ১৭ বছরের দুঃসময়ে হামলা-মামলা সহ্য করে যিনি মাঠ ছেড়ে যাননি, সেই ত্যাগী ও পরীক্ষিত নেতা নির্বাচিত হলে ৭নং কলিয়া ইউনিয়ন একটি অপরাধমুক্ত, অধিকারসচেতন ও আধুনিক জনপদে পরিণত হবে—এমনটাই এখন সর্বস্তরের মানুষের প্রাণের দাবি।

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন নেতাদের সমস্যা শুনলেন পুলিশ সুপার।

তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ এএম
কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন নেতাদের সমস্যা শুনলেন পুলিশ সুপার।

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এ সময় তাঁদের বিভিন্ন সমস্যা ও উদ্বেগের কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

সভায় গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পাশাপাশি বাস, মিনিবাস, ট্রাক এবং পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন খাতের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

তিনি আগত ব্যাংক কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দকে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং দায়িত্বশীলতার মাধ্যমে সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিএসবিসহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি, ট্রাফিক পুলিশের প্রশাসনিক কর্মকর্তা, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ।