সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—রমজান আলীর মেয়ে রুমা আক্তার (৭) এবং উকিল আলীর মেয়ে পাপিয়া আক্তার (৪)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় পুকুরপাড়ে একসঙ্গে খেলাধুলা করছিল তারা। একপর্যায়ে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরের কাছে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে অনুসন্ধান চালালে রুমা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অপরদিকে পাপিয়া আক্তারকে জীবিত উদ্ধার করে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, একই পরিবারের দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


















