দুই উপদেষ্টার ‘আক্রোশে’ বিপন্ন দেশের ক্রিকেট: বিশ্বকাপ বর্জন ও বিসিবি নির্বাচনে হস্তক্ষেপের নেপথ্য কাহিনী
ছবি- সংগৃহীত
বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে ২০২৪ থেকে ২০২৬ সালের শুরুর দিক পর্যন্ত সময়কালকে ‘কালো অধ্যায়’ হিসেবে অভিহিত করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। তৎকালীন অন্তর্বর্তী সরকারের দুই প্রভাবশালী ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং আসিফ নজরুলের বিতর্কিত কর্মকাণ্ড ও সরাসরি হস্তক্ষেপে দেশের ক্রিকেট আন্তর্জাতিকভাবে কলঙ্কিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ‘বাংলাদেশ প্রতিদিন’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল ভারত ও শ্রীলঙ্কা। কিন্তু নিরাপত্তা ও রাজনৈতিক অজুহাতে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশকে এই বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বিরত রাখেন। প্রতিবেদনে বলা হয়, শুরুতে তিনি বিষয়টিকে ‘সরকারি সিদ্ধান্ত’ বললেও পরবর্তীতে দায় চাপান ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের ওপর। তার এই রহস্যময় ‘৩৮০ ডিগ্রি ইউটার্ন’ ক্রিকেটারদের স্তম্ভিত করে দেয়।
ঘটনার সূত্রপাত হয়েছিল আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। বিসিবি যখন বিষয়টি নিয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ৩ জানুয়ারি আসিফ নজরুলের একটি ফেসবুক স্ট্যাটাস সব সমীকরণ বদলে দেয়। তিনি সাফ জানান, নিরাপত্তার কারণে ভারতে খেলতে যাওয়া উচিত হবে না। এমনকি সচিব মাহবুব-উল আলমের স্বাক্ষরিত চিঠিতেও উল্লেখ করা হয়, ভারত ছাড়া অন্য দেশে খেলা হলেই কেবল সরকারি সহায়তা মিলবে। শেষ পর্যন্ত আইসিসিতে কোনো দেশের সমর্থন না পাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।
২০২৫ সালের ৬ অক্টোবরের বিসিবি নির্বাচনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগ উঠেছে তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। ৭৬টি ক্লাবের মধ্যে ৩৪টি ক্লাব এই বিতর্কিত নির্বাচন বর্জন করে। অভিযোগ আছে, উপদেষ্টার প্রত্যক্ষ সহযোগিতায় ৪৩টি জেলা ও বিভাগের কাউন্সিলর মনোনীত করা হয়। ফারুক আহমেদকে সরিয়ে তার ইচ্ছায় আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতির আসনে বসানো হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিসিবির পরিচিত সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন, “দুই ক্রীড়া উপদেষ্টার আক্রোশের শিকার হয়েছে দেশের ক্রিকেট। তাদের সরাসরি হস্তক্ষেপে এগোতে থাকা দেশের ক্রিকেট থমকে দাঁড়িয়েছে। এর নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।”
দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেশের মাটিতে খেলতে না দেওয়া এবং জাতীয় দলে নিষিদ্ধ করার ক্ষেত্রেও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত জেদ কাজ করেছে বলে তথ্য পাওয়া গেছে। আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার কারণে সাকিবকে ‘বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না’ মর্মে বিসিবিকে স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন তিনি। একটি টিভি সাক্ষাৎকারে তিনি নিজেই সাকিবের ক্যারিয়ার শেষ করে দেওয়ার এই দম্ভোক্তি করেছিলেন।
আসিফ মাহমুদ তার মেয়াদে সব ক্রীড়া ফেডারেশন ভেঙে অ্যাডহক কমিটি গঠন করায় পুরো ক্রীড়াঙ্গনে এক ধরণের শিথিলতা ও স্থবিরতা নেমে আসে। বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি এই অনিয়মগুলো খতিয়ে দেখছে। তবে জানা গেছে, অভিযুক্ত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এখন পর্যন্ত তদন্ত কমিটির মুখোমুখি হননি।
দেশের ক্রিকেট প্রেমীরা মনে করছেন, ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে জাতীয় গৌরব ক্রিকেটকে যেভাবে বলির পাঁঠা বানানো হয়েছে, তার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন





















