সরকারি খাল দখলমুক্তে কঠোর প্রশাসন: গোয়ালন্দে অবৈধ মুরগির খামার উচ্ছেদ।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সরকারি খাল দখল করে নির্মিত একটি অবৈধ মুরগির খামার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার উজানচর ইউনিয়নের নাজিরউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি খালের ওপর অবৈধভাবে মুরগির খামার গড়ে তুলে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। খামারের বর্জ্য সরাসরি খালে ফেলার ফলে পানি দূষিত হচ্ছিল এবং খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় আশপাশের কৃষকরা সেচ সংকটে পড়েন। এতে পরিবেশ ও কৃষি—উভয় খাতই ক্ষতির মুখে পড়ে।
এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।

অভিযান চলাকালে খালের পানি প্রবাহ ও কৃষি কার্যক্রমের বিষয়টি পর্যবেক্ষণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার। অবকাঠামোগত দিক তদারকিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু বকর। আইন-শৃঙ্খলা রক্ষায় গোয়ালন্দ ঘাট থানার পুলিশের একটি দলও সার্বিক সহায়তা প্রদান করে।
প্রশাসনের উপস্থিতিতে সরকারি খালের ওপর নির্মিত অবৈধ অংশটি সম্পূর্ণভাবে ভেঙে অপসারণ করা হয়, ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ পুনরুদ্ধারের পথ সুগম হয়।
অভিযান শেষে ইউএনও সাথী দাস বলেন, “সরকারি জমি বা খাল দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা টিকতে দেওয়া হবে না। পরিবেশ সংরক্ষণ, কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করা এবং খালের স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।”
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।





















