রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মিরপুর বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি : শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দ্বিতীয় ধাপে বৃক্ষরোপণ অনুষ্ঠিত

সাদেক হোসেন, বিশেষ প্রতিনিধি। প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:০৬ পিএম
মিরপুর বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি : শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দ্বিতীয় ধাপে বৃক্ষরোপণ অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় ধাপের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে মিরপুর বন্ধুসভা। কর্মসূচির অংশ হিসেবে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।

 

এর আগে ২৫ জুন বৃহস্পতিবার প্রথম ধাপে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে বিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ, মনোরম ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজ হাতে গাছ লাগিয়ে গাছের পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করে।

 

কর্মসূচি উদ্বোধন করেন ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবিএম আব্দুর রাজ্জাক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমাদ হোসাইন। উদ্বোধনী বক্তব্যে তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এই সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং বিদ্যমান বৃক্ষ সংরক্ষণের কোনো বিকল্প নেই। একটি গাছ যেমন মানুষের অক্সিজেনের চাহিদা পূরণ করে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; প্রতিটি গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।

 

বৃক্ষরোপন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শাখা প্রধান (বালক) গোলাম মোস্তফা আকন্দ, সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

 

মিরপুর বন্ধুসভার উপদেষ্টা অপূর্ব বড়ুয়া’র উপস্থিতিতে বন্ধুসভার সদস্যরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করেন। কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন তানিয়া হক অদ্রিতা। এছাড়াও মিরপুর বন্ধুসভার অন্যান্য সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ, চারা সংরক্ষণ এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকেরা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং তরুণ প্রজন্মকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং বাস্তবমুখী সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য।

 

উপদেষ্টা অপূর্ব বড়ুয়া বলেন, মিরপুর বন্ধুসভা দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধের বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং পরিবেশ সংরক্ষণে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও বিদ্যালয়ভিত্তিক পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম, বৃক্ষরোপণ অভিযান, পরিচ্ছন্নতা কর্মসূচি এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

 

কর্মসূচি শেষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে পরিবেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবী চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার আন্দোলনকে আরও বেগবান করবে।

বকশীগঞ্জে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত হলেন নবনির্বাচিত পিপি মোকাম্মেল হক

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:১৯ পিএম
বকশীগঞ্জে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত হলেন নবনির্বাচিত পিপি মোকাম্মেল হক

জামালপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট মো. মোকাম্মেল হককে সংবর্ধনা দিয়েছে বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়ন যুবদল।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. মানিক সওদাগর। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম প্রিন্স।
প্রিয় মেহমান উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি, সহসভাপতি আমজাদুল হক সুরুজ, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম হুদা ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন ও রাজু আহমেদ, নিলক্ষিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আশিকুল ইসলাম সেলিম, ইউনিয়ন মহিলাদলের সভাপতি দুলি বেগম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান শান্ত।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শরিফ উদ্দিন শরিফ। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহবুব আলম।অনুষ্ঠানে নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মো. মোকাম্মেল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

সখিপুরে মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, চূড়ান্ত বিল আটকে দেওয়ার নির্দেশ মন্ত্রীর

মোঃ মেরাজ শিকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:০৯ পিএম
সখিপুরে মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, চূড়ান্ত বিল আটকে দেওয়ার নির্দেশ মন্ত্রীর

টাঙ্গাইলের সখিপুরে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত মিনি স্টেডিয়ামের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও অপরিকল্পিত ব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান সরেজমিনে স্টেডিয়ামটি পরিদর্শন করে নির্মাণকাজের নিম্নমান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের চূড়ান্ত বিল আটকে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ফলে চার মাস আগে নির্মাণকাজ শেষ হলেও এখনো স্টেডিয়ামটি হস্তান্তর ও উদ্বোধনের প্রক্রিয়া থমকে রয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তত্ত্বাবধানে ২০২৩ সালের ৪ এপ্রিল সখীপুর উপজেলার শোলাপ্রতিমা বাজারসংলগ্ন সাড়ে তিন একর জমিতে তৎকালীন ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শুরুতে ঢাকার ‘মজুমদার ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। তবে ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আগে প্রতিষ্ঠানটি মাত্র ৩০ শতাংশ কাজ সম্পন্ন করে অতিরিক্ত প্রায় ৭৩ লাখ টাকা বিল তুলে নেয় বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিষ্ঠানটি কাজ ফেলে চলে গেলে প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়ে। পরবর্তীতে স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে ‘সখীপুর মিনি স্টেডিয়াম’ রাখা হয় এবং বাকি কাজ শেষ করার দায়িত্ব পায় ঢাকার ‘টেকনিফ করপোরেশন’।

সরেজমিনে স্টেডিয়ামটি ঘুরে নির্মাণকাজে বেশ কিছু ত্রুটি ও অনিয়মের চিত্র দেখা গেছে। বাংলাদেশে সূর্যের আলোর দিক বিবেচনায় সাধারণত উত্তর-দক্ষিণমুখী মাঠ নির্মাণ করা হলেও স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে পূর্ব-পশ্চিমমুখী করে। এতে বিকেলে খেলার সময় এক পক্ষের খেলোয়াড়দের চোখে সরাসরি সূর্যের আলো পড়বে, যা খেলায় বিঘ্ন সৃষ্টি করতে পারে। এ ছাড়া গোলপোস্টের আদর্শ উচ্চতা ৮ ফুট হওয়ার কথা থাকলেও সরেজমিনে মেপে দেখা গেছে, এর উচ্চতা সাড়ে ৭ ফুট।স্টেডিয়ামের দক্ষিণ-পশ্চিম কোণে নবনির্মিত ওয়াশব্লক এবং পশ্চিম পাশের গ্যালারির পাশ থেকে গভীর গর্ত করে মাটি কেটে মাঠ ভরাট করা হয়েছে। অভিযোগ রয়েছে, কোনো গাইড ওয়াল নির্মাণ না করায় এবং চারপাশে ১৫ থেকে ২০ ফুট গভীর গর্ত থাকায় যেকোনো সময় ওয়াশব্লক ও গ্যালারি ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। সাময়িকভাবে বাঁশের খুঁটি ও চাটাই দিয়ে মাটি ধরে রাখার চেষ্টা করা হয়েছে।অন্যদিকে, প্যাভিলিয়ন ও দক্ষিণ পাশের গ্যালারি এমনভাবে নির্মাণ করা হয়েছে, যেখান থেকে মাঠের প্রায় এক-চতুর্থাংশ এবং একটি গোলপোস্ট দেখা যায় না। পাশাপাশি মাঠে দোআঁশ বা বালুমাটির পরিবর্তে এঁটেল মাটি ব্যবহার করায় তা শুকিয়ে শক্ত হয়ে খেলার অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।সখীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার মিজানুর রহমান ডালিম বলেন, ‘গ্যালারিতে বসে পুরো মাঠ দেখা যায় না। মাঠের মাটিও অসমান। গোলপোস্টের উচ্চতা কম হওয়া একটি চরম ত্রুটি।’এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আশরাফুল আলম সরেজমিন তদন্ত করে অনিয়মের সত্যতা পান বলে জানা গেছে। পরে তিনি জাতীয় ক্রীড়া পরিষদে এ বিষয়ে লিখিত প্রতিবেদন পাঠান। তিনি জানান, প্রতিবেদন পাঠানোর পর ক্রীড়া পরিষদের হস্তক্ষেপে ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু সংস্কারকাজ করেছে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘পূর্ববর্তী সরকারের আমলে কাজটি শুরু হওয়ায় প্রশাসনের কাছে এ-সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য ছিল না। আমি পরিদর্শনে গিয়ে কাজের নিম্নমান দেখে চরম অসন্তোষ প্রকাশ করেছি এবং ঠিকাদারকে অনিয়মের বিষয়ে জানাতে বলেছি। কিন্তু ঠিকাদার আজ পর্যন্ত আমার সঙ্গে কোনো যোগাযোগ করেননি।’সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্টেডিয়ামের চিহ্নিত ত্রুটিগুলো দ্রুত সংস্কার না করা পর্যন্ত এটি বুঝে নেওয়া বা উদ্বোধন করা সম্ভব হচ্ছে না।

মানসম্মত শিক্ষা ও চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান

মোঃ মেরাজ শিকদার,  টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ  প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:০৭ পিএম
মানসম্মত শিক্ষা ও চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত শিক্ষা ও চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিএনপি শূন্য হাতে সরকার গঠন করেছে। এরপরও দেশের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রতিটি বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য এক কোটিরও বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া রাস্তাঘাট, মসজিদ-মন্দির, কবরস্থান ও খেলার মাঠের উন্নয়নে ৭০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে বড় বড় ভবন নির্মাণ করলেই শিক্ষার মান উন্নত হবে না। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। এ জন্য সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, চাঁদাবাজি, দখলবাজি, তদবিরবাজি, দালালি ও অনিয়ম কোনোভাবেই চলতে দেওয়া হবে না। আমি, সাংবাদিক, আমার দলের নেতাকর্মী কিংবা দলের বাইরের কেউই আইনের ঊর্ধ্বে নই। কেউ অন্যায় করলে তাকে আইনের আওতায় আনা হবে।

শনিবার (১৪ নভেম্বর) টাঙ্গাইলের সখিপুর উপজেলার রতনপুর খোশবাহার উচ্চবিদ্যালয় ও কাহার্তা দাখিল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন, সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা এবং ইন্দারজানি মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সহধর্মিণী নার্গিস সিদ্দিকা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কবির হাসান প্রমুখ।

বক্তব্যের একপর্যায়ে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে পারলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত করা সম্ভব হবে।