বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মোঃ ওবাইদুল্লাহ চৌধুরী, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:৫২ পিএম
দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যেই এই কার্যক্রম চালু করা হয়েছে।

বুধবার (১ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের ৬৪ জেলায় একযোগে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। এতে জেলা পর্যায়ের কর্মকর্তারা, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধিরা এবং অনলাইনে প্রায় পাঁচ হাজার প্রশিক্ষণার্থী অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘ডিজিটাল অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই প্রকল্পের আওতায় ৭ম ব্যাচে ৪৮০০ হাজার তরুণ-তরুণী কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইনের মতো চাহিদাসম্পন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। এ উদ্যোগ তাদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়তা করবে। সরকারের এই প্রশিক্ষণ কার্যক্রম বেকারত্ব হ্রাস এবং পরিবারভিত্তিক অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ‘দেশের শিক্ষিত বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রশিক্ষণার্থীরা যদি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করেন, তবে তারা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশীয় ও বৈশ্বিক কর্মবাজারে সফলভাবে কাজের সুযোগ সৃষ্টি করতে পারবেন। এই উদ্যোগ তাদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের পথ আরও সুগম করবে।’

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম বলেন, ‘বাংলাদেশের অসংখ্য ফ্রিল্যান্সার আন্তর্জাতিক বাজারে কাজ করে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনছেন। তবে তাদের অনেকেই নিজেদের সাফল্যের গল্প প্রকাশ করেন না। আমি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদের অর্জন ও অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগাভাগি করুন। আপনাদের সাফল্যের গল্প নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আরও বেশি তরুণ-তরুণী দক্ষতা অর্জনের মাধ্যমে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নিতে উৎসাহিত হবে।’

প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৭৩ কোটি ৭৭ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে ৩৬ হাজার শিক্ষিত যুব-যুবীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। বর্তমানে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড দেশের আটটি বিভাগের ৬৪টি জেলায় এই প্রশিক্ষণ পরিচালনা করছে।

২০২৬ সালের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী ৭ম ব্যাচের প্রশিক্ষণে দেশের প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী এবং ন্যূনতম এইচএসসি পাস তরুণ-তরুণীরা এ সুযোগ পেয়েছেন। জেলা প্রশাসনের প্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হয়েছে।প্রকল্পের আওতায় ইতোমধ্যে ছয়টি ব্যাচে ১৯ হাজার ২০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ, অর্থাৎ ১১ হাজার ৩৫৩ জন দেশি-বিদেশি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করছেন।

এ পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্তদের মোট আয় ১৯ লাখ ৯৯ হাজার ৪৯০ মার্কিন ডলার এবং বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৯০ লাখ ৩৫ হাজার ৮৮৭ টাকা। সব মিলিয়ে তাদের মোট উপার্জনের পরিমাণ ৩৪ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ২১৫ টাকা। প্রশিক্ষণার্থীদের আয় বৃদ্ধিতে সহায়তা করতে প্রতিটি জেলায় মেন্টরিং ক্লাসেরও ব্যবস্থা রাখা হয়েছে।

 

এবারের ব্যাচে ভর্তির জন্য লক্ষাধিক আবেদন জমা পড়ে। সেখান থেকে প্রায় ৭০ হাজার আবেদনকারীকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৮০০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

 

প্রশিক্ষণার্থীরা প্রতিদিন আট ঘণ্টা করে তিন মাসে মোট ৬০০ ঘণ্টা প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে (কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, বেসিক ইংরেজি, ডিজিটাল মার্কেটিং, সফট স্কিল, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং)অনুষ্ঠানে জানানো হয়,প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা, খাবার এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ সরবরাহ করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে। পাশাপাশি প্রশিক্ষণের মান নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা নিয়মিত কার্যক্রম তদারকি করছেন।

কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম
কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের ঘাটতির কারণে পাঁচটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ধামরাই পৌরশহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. জাকারিয়া মাহমুদ এবং ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আহমেদুল হক তিতাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা যায়, আল-মদিনা স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা এবং আলাদীনস জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আলাদীনস জেনারেল হাসপাতাল ও সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে জরিমানা করা হলেও এর কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়নি।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার জানান, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করা, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যাচাই এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, প্রয়োজনীয় অনুমোদন এবং স্বাস্থ্যসেবার মান নিয়মিত তদারকি করা জরুরি। এতে সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।

ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগন্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম
ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগঞ্জের ধামশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জনাব মীর কাসেম।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন জনাব মীর কাসেম। তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা চলছে।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও এলাকার বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করছেন স্থানীয়রা।

ধামশর ইউনিয়নের মানুষের প্রত্যাশা, আগামী দিনে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রার্থীরা তাঁদের পরিকল্পনা তুলে ধরবেন।

সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সার সংকট, কৃত্রিম সংকট সৃষ্টি ও সার বিতরণে অনিয়ম ঠেকাতে কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার  সার ডিলার পয়েন্ট থেকে কৃষকদের পরিচয় ও জমির তথ্যের ভিত্তিতে সার বিতরণ করা হয়।

এ উদ্যোগের ফলে প্রকৃত কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী সার পান এবং কোনো মধ্যস্বত্বভোগী বা অসাধু ব্যবসায়ী অতিরিক্ত সার সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুন্দরগঞ্জ উপজেলা , গাইবান্ধার জেলার উদ্যোগে কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা (সাময়িক) কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডে কৃষকের পরিচিতি, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, কৃষকদের জন্য এ ধরনের কার্ডভিত্তিক সার বিতরণ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সার নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মতান্ত্রিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে সারসংকট মোকাবিলা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে কার্ড বিতরণের পাশাপাশি সার মজুত, মূল্যতালিকা প্রদর্শন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।