চরফ্যাশনে ট্রলির চাপায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, বিচারের দাবিতে লাশ কাধে নিয়ে সহপাঠীদের “বিক্ষোভ”
ভোলার চরফ্যাশন উপজেলায় ট্রলির চাপায় লিয়া (১৫) নামের দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষা দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়া নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হওয়ার পর চেয়ারম্যান বাজার আঞ্চলিক সড়কে একটি ট্রলির চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এদিকে, লিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সঠিক বিচারের দাবিতে সহপাঠী ও মাদ্রাসার শিক্ষার্থীরা লিয়ার মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ দোষীকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য চরফ্যাশন উপজেলা প্রশাসনের নিকট জোড়ালো অনুরোধ করেন।
















