সাংবাদিক অভিকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ, ৬ ঘণ্টা পর মুক্তি; ঘটনার তীব্র নিন্দা মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের
গ্লোবাল টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ওবায়দুল ইসলাম অভিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর প্রায় ছয় ঘণ্টা পর ছেড়ে দিয়েছে। মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করে। পরে তাকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোরের কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ভিডিও প্রকাশের অভিযোগ ওঠে। এ ঘটনায় যশোর প্রেসক্লাব, সংবাদপত্র পরিষদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা থানায় অভিযোগ দিলে তার ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে ওবায়দুল ইসলাম অভিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এর আগে ওবায়দুল ইসলাম অভির বিরুদ্ধে গ্লোবাল টেলিভিশনের ফেসবুক পেজে একটি সংবাদ প্রচারের সময় হত্যার হুমকির কথোপকথনের সঙ্গে একজন ব্যক্তির ছবির পরিবর্তে যশোরের এক বিশিষ্ট ব্যবসায়ীর ছবি ব্যবহার করার অভিযোগ ওঠে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। পরে তিনি ভুল স্বীকার করে সংশ্লিষ্ট ভিডিওটি গ্লোবাল টেলিভিশনের ফেসবুক পেজ থেকে সরিয়ে নেন।
এদিকে, সাংবাদিককে পুলিশ হেফাজতে নেওয়ার ঘটনায় মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের নেতারা বলেন, সাংবাদিকদের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো অভিযোগ আইনগত ও নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

















