ভোলায় বেদে শিশুদের মুখে হাসি ফোটালো গ্লোবাল টিভির ব্যতিক্রমী বর্ষপূর্তি
জমকালো আয়োজন কিংবা চার দেয়ালের আনুষ্ঠানিকতার বৃত্ত থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন ও মানবিক আবহে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করেছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘গ্লোবাল টেলিভিশন’। ভোলার রাজাপুরের মেঘনা নদীর তীরে অবহেলিত ও সুবিধাবঞ্চিত ভাসমান বেদে সম্প্রদায়ের শিশুদের সাথে আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ ৩০ জুন (মঙ্গলবার) ভোলার রাজাপুর ইউনিয়নের একটি ভাসমান বেদে পল্লীতে শিশুদের নিয়ে কেক কেটে গ্লোবাল টিভির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন চ্যানেলটির ভোলা জেলা প্রতিনিধি ইয়ামিন হোসেন।
সবসময় সমাজের মূল স্রোতের বাইরে থাকা বেদে পল্লীর শিশুরা আকস্মিক এমন আয়োজনে মেতে ওঠে বাঁধভাঙা উল্লাসে। রঙিন কেক কাটা আর মিষ্টি মুখের এই আয়োজনে শিশুদের নিষ্পাপ হাসিমুখ পুরো মেঘনার পাড়ে এক অন্যরকম আবেগঘন ও মানবিক আবহ তৈরি করে।
অনুষ্ঠানে গ্লোবাল টিভির ভোলা প্রতিনিধি ইয়ামিন হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন,চ্যানেল নাইন-এর ভোলা প্রতিনিধি অনিক আহমেদ, সংবাদকর্মী সফিক খান, বনি আমিন,কামাল হোসেন এবং বিশিষ্ট সমাজকর্মী আমির হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ও বক্তারা বলেন “সাধারণত যেকোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানগুলো অভিজাত চার দেয়ালের ভেতরেই সীমাবদ্ধ থাকে। কিন্তু গ্লোবাল টিভি এবার সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত বেদে শিশুদের সাথে নিয়ে আনন্দ ভাগ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। এই শিশুদের মুখে একটুখানি হাসি ফোটানোই ছিল আমাদের মূল লক্ষ্য।”মূলধারার সমাজ থেকে পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের অভিভাবকরাও গ্লোবাল টিভির এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আবেগাপ্লুত হয়ে তারা জানান, তাদের শিশুদের নিয়ে কেউ এভাবে কখনো ভাবেনি বা কোনো আনন্দ উৎসব করেনি। গ্লোবাল টিভির এই মানবিক উদ্যোগ তাদের হৃদয়ে দীর্ঘকাল দাগ কেটে থাকবে।
বক্তারা আশা প্রকাশ করেন, গ্লোবাল টিভির এই মানবিক প্রয়াস দেখে সমাজের অন্যসব প্রতিষ্ঠান ও বিত্তবানেরাও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ হবেন।



















