ফুলবাড়ী পৌরসভার সংশোধিত ও প্রস্তাবিত বাজেট ঘোষণা
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
এ বাজেটে ২০২৬-’২৭ অর্থ বছরে উন্নয়ন, পানি ও রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকা, এসব খাতে ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকা ।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ছামিউল ইসলাম ।
প্রস্তাবিত বাজেটে পৌর এলাকায় অবকাঠামো নির্মাণসহ ডাম্পিংগ্রাউন্ড, রাস্তা, ব্রিজ, কালভার্ট, ড্রেন, বৃক্ষরোপন কর্মসূচীকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) ছামিউল ইসলাম-এর সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো. লুৎফুল হুদা চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ শাহ্, উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. মোহসীন আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মনজুরুল কাদের, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এম এ কাইয়ুম,। এ সময় পৌরসভার পদস্থ কর্মকর্তা-কর্মচারি , সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ীক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকলের সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত এ বাজেট অনুমোদন হয়।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ছামিউল ইসলাম বলেন, প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়ন হলে ফুলবাড়ী পৌরসভা সুপ্রতিষ্ঠিত পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা পাবে। নাগরিক জীবনের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। তিনি পৌর প্রশাসক হিসেবে ফুলবাড়ী পৌরসভাকে বাসযোগ্য করতে গ্রিন ও ক্লিন নগরায়নের পরিকল্পনা গ্রহণ করেন। পৌরসভার আয় বৃদ্ধির পরামর্শে আলোচকবৃন্দ বলেন, পৌর এলাকায় অনুমোদনহীন প্লানবহির্ভুত‚ অসংখ্য ভবন ও মার্কেট নির্মিত হচ্ছে। এতে পৌরসভা আয় বঞ্চিত হচ্ছে। অথচ পৌরসভা স্টাফরা বকেয়া বেতনের কারণে মানবেতর জীবন যাপন করছে। এ সময় ব্যক্তিগত পর্যায়ে হোল্ডিং ট্যাক্সের বিষয়ে বৈষম্যের কথাও তুলে ধরেন বক্তারা ।















